বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সিরিয়া বলেছে, তারা এ হামলার প্রতিশোধ নেবে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার এ কথা বলেছে। চিঠিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যেসব সদস্য ইহুদিবাদী ইসরাইলকে রক্ষা করছে তারাই এ হামলা ও প্রতিশোধমূলক হামলার জন্য দায়ী থাকবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) বান কি মুনকে ওই চিঠি পাঠিয়েছে।
চিঠিতে সিরিয়া জোর দিয়ে বলেছে, "আত্মরক্ষা, সীমানা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার তার রয়েছে।"
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক গবেষণা কেন্দ্রে ইহুদিবাদী ইসরাইল বুধবার হামলায় চালিয়েছে বলে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। ওই হামলায় অন্তত দু'জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। গত কয়েক মাসে সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা বেশ ক'বার এ কেন্দ্রের দখল নিতে চেষ্টা করেছে। তবে, তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
এদিকে, লেবাননে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত আলী আব্দুল কারিম আলী বলেছেন, ইসরাইলি বিমান হামলার জবাব দেয়ার পরিকল্পনা তার দেশের রয়েছে। তিনি জানিয়েছেন, দামেস্ক আকস্মিকভাবে এ আগ্রাসনের জবাব দিতে পারে।#রেডিও তেহরান